লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে সতর্কবার্তা

বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া কার্যক্রম চালিয়ে আসা ২২টি অবৈধ অনলাইন পেমেন্ট অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম শনাক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। এসব প্ল্যাটফর্ম ব্যবহার করে আর্থিক লেনদেন না করার জন্য সাধারণ মানুষকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। রোববার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয় যে, যথাযথ অনুমোদন ব্যতীত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পেমেন্ট সেবা প্রদান করা ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’ অনুযায়ী সম্পূর্ণ বেআইনি এবং এটি একটি শাস্তিযোগ্য অপরাধ।

কেন্দ্রীয় ব্যাংকের তালিকা অনুযায়ী, লাইসেন্সবিহীন এই প্ল্যাটফর্মগুলো হলো— বহুদুরপে, জিনিপে, পেটিলার, বেঙ্গলিপে, পেওরা বিডি, সহজপে বিডি, ইজিপেওয়ে, একে পে, বিডি পে, সাজগারপে, আস্থাপের বা সিপে, উদ্যোক্তাপের, ওয়ালেটমিক্স, বিটিটিপে, ইজি পে অটোমেশন, ইউনিকপে বিডি, বিডি অটো পে, আরএইচ পে বিডি, ইজিপে, অটোপে লিমিটেড, বিশ্বস্ত এবং পিপ্রাপের।

গ্রাহকদের কষ্টার্জিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের আইনি জটিলতা বা ঝুঁকি এড়াতে এসব প্ল্যাটফর্মের সেবা গ্রহণ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। একই সঙ্গে সংশ্লিষ্ট সকলকে এই অবৈধ প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে কোনো ধরনের আর্থিক লেনদেনে অংশ না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ এই তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে তাদের সকল কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দিয়েছে।