এপিএলের ড্রাফটে সাকিবসহ আট বাংলাদেশি ক্রিকেটার

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) দ্বিতীয় আসরের খেলোয়াড় ড্রাফটের জন্য এক হাজারেরও বেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। এর মধ্যে বাংলাদেশের আটজন ক্রিকেটার রয়েছেন। তারা হলেন সাকিব আল হাসান, তানজিদ হাসান তামিম, নাহিদ রানা, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেন।

বাংলাদেশি ক্রিকেটারদের পাশাপাশি ড্রাফটে ওয়েস্ট ইন্ডিজের গুড়াকেশ মোতি, এভিন লুইস ও আলজারি জোসেফ; ইংল্যান্ডের লুক উড, রিস টপলি ও জেমস ভিন্স এবং শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস ও ওয়ানিন্দু হাসারাঙ্গারাও থাকছেন।

টুর্নামেন্টের পাঁচটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে তিনটির মালিকানা নিশ্চিত হলেও বাকি দুইটির মালিকানা চূড়ান্ত না হওয়ায় ড্রাফট পেছানো হয়। আগে ২৭ সেপ্টেম্বর ড্রাফট আয়োজনের পরিকল্পনা থাকলেও পরিবর্তিত সূচিতে আগামী ২৪ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে এটি অনুষ্ঠিত হবে। সব ঠিক থাকলে আগামী ২৭ ডিসেম্বর থেকে টুর্নামেন্টের দ্বিতীয় আসর শুরু হওয়ার কথা রয়েছে। বাকি দুই দলের মালিকানা চূড়ান্ত না হওয়ায় ড্রাফট পেছানো হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।