রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।
রোববার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জাহাঙ্গীর আলম ব্যক্তিগতভাবে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত হয়েছেন, যার দায় সম্পূর্ণ তার নিজের। এ ধরনের কর্মকাণ্ডের দায় বাহিনী কখনোই বহন করবে না।
সিএমপি কমিশনার জানান, গত শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে মামলার এজাহার পাওয়ার পর আইনি প্রক্রিয়া শুরু হয়। এটি রাষ্ট্রদ্রোহের মামলা হওয়ায় আইন অনুযায়ী সরকারের পূর্বানুমোদনের প্রয়োজন ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পরই পাঁচলাইশ থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। এরপরই নগরের অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম বর্তমানে সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের হেফাজতে রয়েছেন। এই বিশেষ ইউনিটই মামলাটি তদন্ত করবে এবং নিয়ম অনুযায়ী তাকে আদালতে সোপর্দ করা হবে। পুলিশ বাহিনীর ওপর এ ধরনের ঘটনার কোনো মানসিক চাপ পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, এটি চাপে পড়ার মতো বিষয় নয়। যিনি অপরাধের সঙ্গে নিজেকে যুক্ত করেছেন, এটি একান্তই তার ব্যক্তিগত দায়। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি বলেন, বার্তাটি স্পষ্ট, যেই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করবেন, তার বিরুদ্ধে কঠোরতম আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছেন, এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে পুনর্বাসিত করার পরিকল্পনার বার্তা পাওয়া গেছে। সেই বার্তায় জীবন বাজি রেখে মাঠে নামার নির্দেশ ছিল। ফরেনসিক পরীক্ষায় এসব তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পর তার দুটি মুঠোফোন জব্দ করা হয়।
তদন্ত সূত্রে জানা গেছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনাসহ আওয়ামী লীগ নেতাদের কাছে পুলিশের স্পর্শকাতর অভ্যন্তরীণ তথ্য পাচারের অভিযোগ রয়েছে এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। গ্রেপ্তার হওয়া মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস পুলিশ ব্যাচের কর্মকর্তা এবং ২০১০ সালের ১ ডিসেম্বর বাহিনীতে যোগ দিয়েছিলেন। এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির বিরুদ্ধেও অনুরূপ রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

