কুতুবদিয়ায় হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেওয়া সেই আসামি বাঁশখালীতে গ্রেপ্তার

কক্সবাজারের কুতুবদিয়ায় পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেওয়া পরোয়ানাভুক্ত আসামি মিজানুর রহমানকে (৪৫) পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের বাঁশখালীর একটি দুর্গম এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার মিজানুর কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আকবর বলীপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গত রোববার রাত ১০টার দিকে উত্তর ধুরুং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু থানায় নিয়ে যাওয়ার পথে একদল লোক জড়ো হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় হ্যান্ডকাফ পরা অবস্থাতেই মিজানুরকে ছিনিয়ে নিয়ে যায় তারা।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে ৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৩০ জনকে আসামি করে একটি মামলা করা হয়। এরপর পলাতক মিজানুরকে পুনরায় গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু করে পুলিশ।

কুতুবদিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. সাঈদুল হক জানান, তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে মিজানুরের অবস্থান নিশ্চিত করা হয়। এরপর বাঁশখালীর দুর্গম এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে সন্ধ্যায় কুতুবদিয়া থানায় নিয়ে আসা হয়। পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়ার ঘটনাসহ তাঁর বিরুদ্ধে থাকা আগের দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হবে।