ক্যালিফোর্নিয়ায় ভোটার নিবন্ধনে জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হন্ডুরাসের নাগরিক

ক্যালিফোর্নিয়ায় নির্বাচন জালিয়াতি প্রতিরোধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ডারউইন জোনাথন রিভেরা ফ্লোরেস (৩০) নামের হন্ডুরাসের এক নাগরিককে গ্রেপ্তার করেছে হোমল্যান্ড সিকিউরিটির এজেন্টরা। লস অ্যাঞ্জেলেসের শীর্ষ ফেডারেল প্রসিকিউটর বিল এসাইলি জানিয়েছেন, শুক্রবার সকালে ভেনচুরার একটি স্বাস্থ্যকেন্দ্রের বাইরে থেকে তাকে আটক করা হয়। রিভেরা ফ্লোরেস যুক্তরাষ্ট্রে আইনত স্থায়ী বাসিন্দা হলেও তার কোনো নাগরিকত্ব নেই।

তদন্তকারী সংস্থাগুলো জানিয়েছে, রিভেরা ফ্লোরেস উইসকনসিনের একটি ঠিকানা ব্যবহার করে অনলাইনে ভোটার নিবন্ধনের আবেদন করেছিলেন। ওই আবেদনপত্রে তিনি নিজেকে মার্কিন নাগরিক হিসেবে দাবি করেন এবং পরিচয়পত্র হিসেবে ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করেন। আইন প্রয়োগকারী সংস্থাগুলো তার স্বাক্ষরযুক্ত এই আবেদনপত্রটি উদ্ধার করেছে। তবে তার নাগরিকত্ব পাওয়ার কোনো বৈধ প্রমাণ পাওয়া যায়নি।

ফেডারেল প্রসিকিউটর বিল এসাইলি আরও উল্লেখ করেন যে, ক্যালিফোর্নিয়ার মতো অঙ্গরাজ্যগুলোতে অনাগরিকদের জন্য ভোটার হওয়া এবং ডাকযোগে ব্যালট পাওয়ার সুযোগ সহজ। বর্তমানে লস অ্যাঞ্জেলেসে সম্ভাব্য নির্বাচন জালিয়াতির একাধিক ঘটনার তদন্ত চলছে, যার মধ্যেই এই গ্রেপ্তারের ঘটনাটি ঘটল।

রিভেরা ফ্লোরেস এর আগেও আইসিই (ICE)-বিরোধী আন্দোলনে অংশ নিয়ে আলোচনায় এসেছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ক্যামারিলোতে ফেডারেল ভবনে আইন প্রয়োগকারী সংস্থার কাজে বাধা দেওয়ার অপরাধে তাকে এক বছরের প্রবেশনে রাখা হয়েছিল। পরবর্তীতে এপ্রিলে তিনি এক ফেডারেল এজেন্টকে অপমানজনক টেক্সট মেসেজ পাঠান এবং আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ভোট দেওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেন। বর্তমানে তার বিরুদ্ধে মার্কিন নাগরিক হিসেবে মিথ্যা দাবি করে ভোটার নিবন্ধন ফরম পূরণের গুরুতর অভিযোগ আনা হয়েছে।