লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ছাগল চুরির মামলার আসামি গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের একটি দল। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার পূর্ব নওদাবাস ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালানো হয় এবং এক পর্যায়ে এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পুকুরের পানিতে ফেলে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে পূর্ব নওদাবাস এলাকার বাসিন্দা জাকিরুল আলম লাইজু ছাগল চুরির অভিযোগে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রধান আসামি ফিরোজকে গ্রেপ্তারের লক্ষ্যে শুক্রবার দুপুরে সাদা পোশাকে অভিযানে যান হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) আলন চন্দ্র বর্মন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুজন চন্দ্রের নেতৃত্বাধীন একটি দল।
অভিযান চলাকালে আসামিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর চড়াও হন। হামলায় আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলায় জড়িত থাকার অভিযোগে সুজন নামের এক যুবককে আটক করে। আটক সুজন ওই এলাকার বাদশা মিয়ার ছেলে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
হাতীবান্ধার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমার সেন জানান, পুলিশ সদস্যদের ওপর হামলার বিষয়টি তিনি অবগত আছেন। বর্তমানে পুরো বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। সরকারি কাজে বাধা প্রদান এবং আইন প্রয়োগকারী সংস্থার ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

