চট্টগ্রামে বিদেশি পিস্তল ও গুলিসহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. আসিফ (২৫) ও সাইদুল ইসলাম ওরফে আরিফ (২৪)। তাদের মধ্যে আসিফ একটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি।

রোববার রাতে অক্সিজেন–কোয়াইশ সড়কের ওয়াজেদিয়া খেলার মাঠসংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানান, পরোয়ানাভুক্ত আসামি আসিফকে ধরতে পুলিশ অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, তল্লাশিকালে আসিফের কোমরে থাকা একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়, যার ম্যাগাজিনে দুই রাউন্ড গুলি লোড করা ছিল। এছাড়া আরিফের প্যান্টের পকেট থেকে আরও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়। অস্ত্র ও গুলি রাখার কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নিজেদের চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী বলে স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবহার করে নগর ও জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে পুলিশের দাবি। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

তবে এ বিষয়ে জানতে চাইলে মোবার হোসেন ইমন দাবি করেন, গ্রেপ্তারকৃতদের তিনি চেনেন না এবং তারা তার সহযোগী নন। তিনি অভিযোগ করেন, নগরে যেকোনো অপরাধমূলক ঘটনা ঘটলেই পুলিশ তাদের নাম জড়িয়ে দেয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আসিফের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চাঁদাবাজি, দাঙ্গা, সরকারি কর্মচারীর ওপর হামলা ও হত্যাচেষ্টাসহ মোট ১১টি মামলা রয়েছে। এছাড়া আরিফের বিরুদ্ধে চাঁদাবাজির দুটি মামলা রয়েছে বলে জানা গেছে।