জাতীয় আইটি উৎসবে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয়ের দল

প্রযুক্তি ও উদ্ভাবনে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে ‘আইডিয়াল অ্যাসোসিয়েশন অব ইনফরমেটিকস অ্যান্ড টেকনোলজি (আইএআইটি) জাতীয় আইটি উৎসব ২০২৬’-এর হ্যাকাথনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। সম্প্রতি রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশের ৭০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৮০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতার মূল চ্যালেঞ্জ ছিল সীমিত সময়ের মধ্যে ঢাকার বাস্তবমুখী নগর পরিবহন সমস্যার সমাধানে একটি পূর্ণাঙ্গ বা ‘ফুল-স্ট্যাক’ সফটওয়্যার তৈরি করা। নটর ডেম বিশ্ববিদ্যালয়ের তিন সদস্যের দল ‘টেবলটার্নার্স’—যার সদস্যরা হলেন হামজা হোসেন, তালাল আবিদ ও আবদুল্লাহ আহসান—এই প্রতিযোগিতায় অংশ নেয়। টানা ছয় ঘণ্টারও বেশি সময় ধরে নিবিড় পরিশ্রম ও কোডিংয়ের মাধ্যমে তারা একটি বুদ্ধিদীপ্ত ট্রানজিট ও রুট প্ল্যানিং প্ল্যাটফর্ম তৈরি করে বিচারকদের নজর কাড়ে।

তাদের উদ্ভাবিত প্ল্যাটফর্মটিতে রুট খোঁজা, যাতায়াতের সম্ভাব্য সময় ও ভাড়ার হিসাব রাখা, যাতায়াতের পথে কোনো প্রতিবন্ধকতা থাকলে তার তাৎক্ষণিক আপডেট পাওয়ার ব্যবস্থা এবং ব্যবহারকারীদের সরাসরি মতামত জানানোর মতো আধুনিক সব ফিচার যুক্ত ছিল। তাদের এই সৃজনশীল সমাধান দলটিকে চূড়ান্ত বিজয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নির্ধারিত সময়ের মধ্যে সফটওয়্যারটির সফল উন্নয়ন ও উপস্থাপনের মাধ্যমে নটর ডেম বিশ্ববিদ্যালয়ের এই প্রতিনিধি দলটি প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে।