জাতীয় দলের কোচ টমাস ডুলির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে বাফুফে

আসিয়ান কাপ এবং সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ফুটবল দলের টানা ব্যর্থতার জেরে কোচ টমাস ডুলির ভবিষ্যৎ নিয়ে তোলপাড় চলছে। ডুলির কৌশল ও দলের পরিকল্পনা নিয়ে বড় ধরনের প্রশ্ন ওঠায় বাফুফে নড়েচড়ে বসেছে। বিষয়টি সুরাহা করতে আজ ন্যাশনাল টিমস কমিটির একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সভার মূল আলোচ্য বিষয় ছিল ডুলির পারফরম্যান্স। কমিটির মিডিয়া চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন, সভার সব সদস্যের সামনে কোচকে নিয়ে খোলামেলা আলোচনা করা হয়েছে।

বৈঠকে খোদ টমাস ডুলিও উপস্থিত ছিলেন। বিশেষ করে সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে দলের বাজে পারফরম্যান্স নিয়ে কোচকে সরাসরি প্রশ্ন করা হয়। কোচ তার উত্তর দিলেও বাফুফে কর্তাদের কাছে তা যথেষ্ট মনে হয়নি। আমিরুল ইসলাম বাবু বলেন, কোচের বিভিন্ন দিক নিয়ে তাদের মধ্যে বিস্তর আলোচনা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কোচের সঙ্গে আরও আলোচনার প্রয়োজন রয়েছে বলে তারা মনে করছেন।

বাফুফে যেকোনো সময়ই ডুলির ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বাবু। তিনি বলেন, দেশের ফুটবল ও খেলোয়াড়দের উন্নতির জন্য যা প্রয়োজন, তা-ই করবে ফেডারেশন। বিষয়টি বাফুফে সভাপতি সজাগ দৃষ্টিতে দেখছেন। অন্যদিকে, ইনজুরিতে আক্রান্ত ফুটবলার সাদউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ভারতে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে বাফুফে।