ঝিনাইদহের কালীগঞ্জে বাস খাদে, আহত অন্তত ২০ যাত্রী

ঝিনাইদহের কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কেয়াবাগান এলাকায় ঝিনাইদহ-যশোর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের বাসটির সামনের চাকার এক্সেল ভেঙে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি রাস্তার পাশে খাদে উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জন বিশ্বাস জানান, যান্ত্রিক ত্রুটির কারণেই বাসটি দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।