‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর পুরুষ বিভাগের দ্বিতীয় সেমিফাইনালে নাটকীয় জয় পেয়েছে বান্দরবান সদর উপজেলা পুরুষ দল। শুক্রবার বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে লামা উপজেলাকে ৪-৩ গোলে পরাজিত করে ফাইনালে নাম লেখায় বান্দরবান সদর উপজেলা। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে আলীকদম উপজেলা দল। শুক্রবার বিকালে বান্দরবান জেলা স্টেডিয়ামে সেমিফাইনালে গোলশূন্য ০-০ সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা।
ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে বান্দরবান সদর উপজেলা দলের গোলরক্ষক ইমন বড়ুয়া ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। টাইব্রেকারের চাপের মুহূর্তে দুটি গোল বাঁচিয়ে তিনি দলের জয়ে বড় অবদান রাখেন। খেলা শেষে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের মেজর মো. রেজোয়ানুর রশিদ রাজীব (পিএসসি, বিএম)। এ সময় বান্দরবান সেনা রিজিয়নের জিএস-২ মেজর পারভেজ রহমান উপস্থিত ছিলেন। আগামীকাল সকালে নারী বিভাগের ফাইনালে বান্দরবান সদর ও থানচি উপজেলা মুখোমুখি হবে এবং একই দিন বিকেলে পুরুষদের ফাইনালে বান্দরবান সদর ও আলীকদম উপজেলা দল শিরোপার জন্য লড়বে।

