যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারে (এমএলএস) সময়টা মোটেও ভালো কাটছে না ইন্টার মায়ামির। জিওডিস পার্কে স্বাগতিক ন্যাশভিলের বিপক্ষে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরেছে ফ্লোরিডার ক্লাবটি। এই ম্যাচে ব্যক্তিগত হতাশার এক বৃত্তে বন্দি ছিলেন দলটির মহাতারকা লিওনেল মেসি। ম্যাচের ২৩ মিনিটে পাওয়া পেনাল্টি কাজে লাগাতে ব্যর্থ হন তিনি, যা তার ক্যারিয়ারে টানা তৃতীয় পেনাল্টি মিস। ২০১৪ সালের পর এমন ঘটনা আর কখনো ঘটেনি।
ম্যাচে অ্যান্ডি নুহারের গোলে মায়ামি পিছিয়ে পড়ার পর প্রথমার্ধের ইনজুরি সময়ে তেলাস্কো সেগোভিয়ার গোলে সমতায় ফিরেছিল সফরকারীরা। তবে দ্বিতীয়ার্ধে পুরোপুরি খেই হারিয়ে ফেলে তারা। ন্যাশভিলের হানি মুখতার জোড়া গোল এবং স্যাম সারিজের ব্যাকহিল ফিনিশ মায়ামির রক্ষণভাগকে তছনছ করে দেয়। এছাড়া দুর্ভাগ্যও পিছু ছাড়েনি মেসির; ইনজুরি টাইমে তার একটি শট দুই পোস্টে লেগে ফিরে আসে এবং অফসাইডের কারণে তার একটি গোল বাতিল হয়।
বাবা হোর্হে মেসির প্রয়াণের পর মাঠে ফেরা ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড পুরো সময়টা বেশ হতাশায় কাটিয়েছেন। রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে তিনি হলুদ কার্ডও দেখেছেন। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলের লড়াইয়ে এই হার মায়ামির জন্য বড় ধাক্কা।
ম্যাচ শেষে কোচ গুইলের্মো হোয়েস দলের মানসিক দৃঢ়তা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘এ ধরনের হার আমাদের থামিয়ে দেবে না, আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব। মাঠের ভেতরের মানসিক চাপ ও পরিশ্রম কেবল খেলোয়াড়রাই বুঝতে পারে। এই বড় ব্যবধানের হার সত্ত্বেও দলে কিছু ইতিবাচক দিক ছিল, যা আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথ দেখাবে।’ বর্তমানে শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে পড়া মায়ামি আগামী বুধবার ফিলাডেলফিয়া ইউনিয়নের মুখোমুখি হবে।

