ঢাকা ও চট্টগ্রামের মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক ও দ্রুততর করতে শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার দীর্ঘ একটি নতুন ‘কর্ডলাইন’ বা বিকল্প রেলপথ নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। প্রস্তাবিত এই রেলপথের পুরো অংশই উড়াল (এলিভেটেড) কাঠামোয় নির্মাণের প্রাথমিক প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হলে ঢাকা থেকে চট্টগ্রামের রেলপথে দূরত্ব ৮০ কিলোমিটার কমে আসবে এবং যাতায়াতের সময় প্রায় দেড় থেকে দুই ঘণ্টা সাশ্রয় হবে।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের কার্যক্রম বিষয়ক এক নিয়মিত সংবাদ সম্মেলনে এই প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি জানান, প্রকল্পটির জন্য প্রাথমিকভাবে ৮৩ হাজার ৯০১ কোটি টাকা ব্যয়ের প্রাক্কলন করা হয়েছে। ৫ অক্টোবর মন্ত্রণালয়ে এই প্রস্তাবনা উত্থাপন করা হয়। জমি অধিগ্রহণের প্রক্রিয়া শেষ হওয়ার পর এটি বাস্তবায়নে প্রায় চার বছর সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পুরো রেলপথটি উড়াল হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের উচ্চপর্যায়ে নেওয়া হবে। লিখিত বক্তব্যের মাধ্যমেও সাংবাদিকদের বিষয়টি অবহিত করা হয়।
প্রকল্পের অর্থনৈতিক ও কারিগরি বিভিন্ন দিক তুলে ধরে উপদেষ্টা জানান, পুরো প্রকল্পটি উড়ালপথে বাস্তবায়ন করা হলে প্রায় ৩২২ একর জমি সাশ্রয় করা সম্ভব হবে। যদি মাটির বাঁধ ও উড়াল কাঠামোর মিশ্রণে এই পথ করা হতো, তবে খরচ হতো প্রায় ৭৩ হাজার ৫৭৭ কোটি টাকা। সম্পূর্ণ উড়ালপথ নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার কারণে প্রকল্পের ব্যয় প্রায় ১০ হাজার ৩২৪ কোটি টাকা বাড়ছে।
কারিগরি বৈশিষ্ট্য অনুযায়ী, এই পথে ভবিষ্যতে বৈদ্যুতিক ট্রেন পরিচালনার সক্ষমতা থাকবে। ডাবল ট্র্যাকের ব্রডগেজ এই রেলপথটি ২৫ টন এক্সেল লোড বহনে সক্ষম হবে। নকশা অনুযায়ী রেলপথটির সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ১৬০ কিলোমিটার এবং পরিচালনগত সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১৪০ কিলোমিটার।

