দশ বছর পর নতুন পরিকল্পনায় ফিরছে শাকিব খানের ‘অপারেশন অগ্নিপথ

প্রায় এক দশক আগে টিজার প্রকাশের পর দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল শাকিব খানের সিনেমা ‘অপারেশন অগ্নিপথ’। আশিকুর রহমান পরিচালিত এবং ভার্টেক্স মিডিয়ার কর্ণধার জানে আলমের প্রযোজনায় নির্মিত এই সিনেমাটির কাজ মাঝপথে হঠাৎ থমকে যায়। তবে দীর্ঘ বিরতির পর সিনেমাটি নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। জানা গেছে, আধুনিক নির্মাণশৈলী ও নতুন গল্পের সমন্বয়ে সিনেমাটি পুনরায় বড় পর্দায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছর থেকে এর শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মূল চরিত্রে শাকিব খান থাকছেন নিশ্চিত হলেও, গল্পের কাঠামো ও শিল্পী তালিকায় পরিবর্তনের আভাস পাওয়া গেছে।

অস্ট্রেলিয়ায় শুটিংয়ের পর প্রকাশিত টিজারে শাকিব খানের অ্যাকশন লুক দর্শকদের মাঝে দারুণ প্রত্যাশা তৈরি করেছিল। কিন্তু অভ্যন্তরীণ কোন্দলের জেরে সিনেমাটির কাজ বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি শাকিব খানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। তবে পরবর্তীতে ওই ব্যক্তি স্বীকার করেন যে, অন্যের প্ররোচনায় তিনি শাকিবের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছিলেন এবং এজন্য তিনি ক্ষমাও চেয়েছেন। এই ঘটনার পর অনেকেই ভেবেছিলেন সিনেমাটি হয়তো আর আলোর মুখ দেখবে না। কিন্তু বর্তমানে শাকিব খান, পরিচালক আশিকুর রহমান এবং প্রযোজক জানে আলম নতুন করে সিনেমাটি সম্পন্ন করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন। বর্তমান সময়ের দর্শকের রুচি ও চাহিদার কথা মাথায় রেখে চিত্রনাট্যে প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ঈদ উৎসবের বাইরে যেকোনো সময়ে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের।