কিরগিজস্তানে বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন লালনশিল্পী সূচনা শেলী

আগামী ১ থেকে ৬ সেপ্টেম্বর কিরগিজ প্রজাতন্ত্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ ‘বিশ্ব নোমেডিক গেমস’। এই আন্তর্জাতিক আয়োজনের ফোক গান প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন প্রখ্যাত লালনশিল্পী সূচনা শেলী। তার সঙ্গে এই বিশ্বমঞ্চে অংশ নেবে তার ব্যান্ড দল ‘দিব্যজ্ঞানী’। এই আয়োজনের মাধ্যমে তিনি বিশ্ব দরবারে বাংলাদেশের লোকসংগীত এবং মরমি সাধনার সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরবেন।

এর আগে ২০২৫ সালে কিরগিজস্তানে আয়োজিত একটি আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতায় বিশ্বের শতাধিক দেশের শিল্পীদের পেছনে ফেলে দ্বিতীয় স্থান অর্জন করে সাড়া ফেলেছিলেন সূচনা শেলী। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার আরও বড় পরিসরে লালন শাহ, হাসন রাজা, শাহ আবদুল করিম, ভবা পাগলা, মনমোহন দত্ত এবং মাতাল রাজ্জাক দেওয়ানের মতো সাধকদের মানবতাবাদী গান ও দর্শন পরিবেশন করবেন তিনি।

আন্তর্জাতিক অঙ্গনে নিজের দেশের প্রতিনিধিত্ব করা প্রসঙ্গে সূচনা শেলী বলেন, বাংলাদেশের লোকসংগীতের সঙ্গে এদেশের মানুষের জীবন ও আত্মঅনুসন্ধানের দীর্ঘ ঐতিহ্য জড়িয়ে আছে। গত বছরের সাফল্য তাকে নতুন করে অনুপ্রাণিত করেছে। এবারের আসরে বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরা এবং লালনসহ অন্যান্য মরমি সাধকদের দর্শন বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।

সংগীতকে একটি বৈশ্বিক সেতু হিসেবে বিবেচনা করেন এই শিল্পী। তার বিশ্বাস, গান ভৌগোলিক সীমানা পেরিয়ে বিভিন্ন দেশের মানুষের হৃদয়ে আত্মিক মেলবন্ধন তৈরি করতে সক্ষম। ১ থেকে ৬ সেপ্টেম্বরের এই বিশ্বমঞ্চে ‘দিব্যজ্ঞানী’র সুরে সূচনা শেলীর পরিবেশনা বাংলার সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।