পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামের ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে এক সশস্ত্র হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে এই হামলার ঘটনা ঘটে।
নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ২২ জন হামলাকারী, ১১ জন সেনাসদস্য এবং ২ জন বেসামরিক নাগরিক রয়েছেন। পাঁচ মাসেরও কম সময়ের মধ্যে এটি একই বিমানবন্দরে দ্বিতীয় সশস্ত্র হামলা।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে হঠাৎ বিস্ফোরণ ও গুলির শব্দ শুনতে পান। এই বিমানবন্দরটি দেশটির বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর ভেতরে একটি সামরিক ঘাঁটিও অবস্থিত। বিমানবন্দরের কাছাকাছি বসবাসকারী একজন জানান, তারা ভোর ৫টা ৫০ মিনিটের দিকে নামাজ শেষ করার কিছুক্ষণ পর একটি বড় বিস্ফোরণের শব্দ শোনেন এবং পরে বুঝতে পারেন যে সেখানে হামলা হয়েছে।
আল-কায়েদা-সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিম (JNIM) এই হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে দায় স্বীকার করে। নাইজার এক দশকেরও বেশি সময় ধরে সশস্ত্র বিদ্রোহের বিরুদ্ধে লড়াই করছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে একই বিমানবন্দরে ইসলামিক স্টেট-সংশ্লিষ্ট একটি গোষ্ঠী হামলা চালিয়েছিল।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সকাল নাগাদ পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। হামলায় জড়িত পলাতক ব্যক্তিদের ধরতে বর্তমানে অভিযান চালানো হচ্ছে।
