নারী এশিয়া কাপে ভারত-পাকিস্তান দ্বৈরথ: টসের সময় হাত মেলাবেন কি দুই অধিনায়ক?

ক্রিকেটের মাঠে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় নারী এশিয়া কাপের মঞ্চে আবারও মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে মাঠের লড়াইয়ের পাশাপাশি ক্রিকেটপ্রেমীদের বাড়তি নজর থাকবে টসের সময় দুই অধিনায়কের আচরণের দিকে। সাম্প্রতিক সময়ে দুই দলের ক্রিকেটারদের হ্যান্ডশেক না করার বিষয়টি নিয়মিত আলোচনার জন্ম দিয়েছে।

২০২৫ সালের পুরুষদের এশিয়া কাপ থেকে শুরু হওয়া এই প্রবণতা নারী ক্রিকেটেও দেখা গেছে। বিশেষ করে ২০২৫ সালের নারী ওয়ানডে বিশ্বকাপ এবং সর্বশেষ ২০২৬ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানার সঙ্গে টসের সময় হাত মেলাননি ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। এই প্রেক্ষাপটে আজকের ম্যাচে সেই দৃশ্যপট বদলায় কি না, তা নিয়ে তৈরি হয়েছে কৌতুহল।

ম্যাচের আগে বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি ভারতের কোচ অমল মুজুমদার। তিনি এই প্রসঙ্গটি এড়িয়ে গিয়ে জানান, তাদের পুরো মনোযোগ এখন কেবল ক্রিকেটীয় কৌশলের ওপর। মুজুমদার আরও বলেন, আপাতত দলের ভাবনায় কেবল ম্যাচ নিয়ে কাজ করা, অন্য ছোটখাটো বিষয় নিয়ে আলাপ করার সময় এখন নয়।

টুর্নামেন্টে ভারত এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। থাইল্যান্ড ও হংকংকে হারিয়ে দারুণ ছন্দে থাকা দলটি গ্রুপ পর্ব অপরাজিত থেকে শেষ করতে চায়। বিশেষ করে হংকংয়ের বিপক্ষে স্মৃতি মান্ধানার রেকর্ড ১২৪ রানের ইনিংস ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বড় প্রমাণ। অন্যদিকে, শক্তিশালী ভারতের বিপক্ষে জয় তুলে নিয়ে নিজেদের অবস্থান আরও মজবুত করাই পাকিস্তানের মূল লক্ষ্য। এখন দেখার বিষয়, মাঠের লড়াই শেষে দুই দলের ক্রিকেটাররা সৌজন্যমূলক হ্যান্ডশেকের মাধ্যমে নতুন কোনো বার্তা দেন কি না।