নিউইয়র্কের টাইমস স্কয়ারে প্রবাসী বাঙালির বর্ণিল দুর্গোৎসব

প্রবাসের মাটিতেও যে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের টান অটুট, তার প্রমাণ মিলল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের প্রাণকেন্দ্রে। টাইমস স্কয়ারের ফাদার ডাফি স্কোয়ারে গত ১০ ও ১১ অক্টোবর দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ‘টাইমস স্কোয়ার দুর্গা উৎসব’। ‘টাইমস স্কোয়ার দুর্গা উৎসব অ্যাসোসিয়েশন’-এর আয়োজনে অনুষ্ঠিত এই উৎসব প্রতিকূল আবহাওয়ার বাধা মানেনি। বরং ধর্মীয় আচার, নাচ ও গানের মূর্ছনায় মেতে উঠেছিল পুরো আয়োজন। আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রবাসী বাঙালি ছাড়াও বিপুলসংখ্যক আন্তর্জাতিক পর্যটক এতে অংশ নেন। ‘টাইমস স্কোয়ার দুর্গা উৎসব অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে আয়োজিত ১০ ও ১১ অক্টোবরের এই উৎসবে যোগ দেন আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসী বাঙালি এবং আন্তর্জাতিক পর্যটকরা।

উৎসবের দ্বিতীয় দিনের আয়োজনে ছিল ‘দশ মহাবিদ্যা’ নৃত্যনাট্য, যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। সংগীত পরিবেশনায় মুগ্ধতা ছড়ান শিল্পী মেখলা দাশগুপ্ত ও দেয়াশিনী রায়। বিশেষ করে প্রবাসী নতুন প্রজন্মের শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই উৎসবকে ভিন্ন মাত্রা দিয়েছে। এছাড়া বিগত পাঁচ দশক ধরে আমেরিকায় দুর্গাপূজা ও বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখা ছয়টি সংগঠনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। আয়োজকদের সম্মিলিত এই প্রয়াস বিদেশের মাটিতে বাঙালির আবহমান ঐতিহ্য ও উৎসবের আমেজকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।