পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলামের মধ্যে কাজের সুনির্দিষ্ট বণ্টন করা হয়েছে। রোববার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক পরিপত্রে এই দায়িত্বের বিষয়টি স্পষ্ট করা হয়। প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে এই বণ্টন কার্যকর করা হয়েছে এবং পররাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও নির্দেশনায় উভয় প্রতিমন্ত্রী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।
পরিপত্র অনুযায়ী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হিসেবে হুমায়ুন কবির দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়াবলি, অনিবাসী বাংলাদেশি সংক্রান্ত কার্যক্রম এবং পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক নির্ধারিত অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে শামা ওবায়েদ ইসলামকে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং সৃজনশীল অর্থনীতির দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া তিনি এলডিসি উত্তরণ, আইসিটি, সমুদ্র আইন ও সমুদ্রসম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দেখভাল করবেন।

