অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অলরাউন্ডার ক্যামেরন গ্রিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবানে অনুষ্ঠিতব্য প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন দলের প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। গত সপ্তাহে পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে ব্যাটিংয়ের সময় পেটে চোট পান ২৭ বছর বয়সী এই ক্রিকেটার। সেই ডেলিভারিটি করেছিলেন করবিন বশ। এরপর থেকেই পুনর্বাসনের প্রক্রিয়ায় থাকা গ্রিন দলের প্রস্তুতিমূলক দুই দিনের ম্যাচেও অংশ নিতে পারেননি।
কোচ ম্যাকডোনাল্ড জানিয়েছেন, গ্রিনের চোটের উন্নতির দিকটি বেশ আশাব্যঞ্জক। যদিও ডারবানে প্রথম টেস্টে তাকে পাওয়া যাবে না, তবে সিরিজের পরবর্তী ম্যাচগুলোতে তাকে পাওয়ার বিষয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে তাকে কেবল ব্যাটার হিসেবে খেলানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ম্যাকডোনাল্ড বলেন, ‘সবকিছু বিবেচনা করলে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে। আমরা তাকে দলে রেখেছি কারণ শেষ পর্যন্ত সিরিজে তার ফেরার ব্যাপারে আমাদের আশা আছে।’
পুনর্বাসনের অংশ হিসেবে সিরিজের প্রথম টেস্ট চলাকালীন গ্রিন নেটে অনুশীলনের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। কোচের ভাষায়, ‘সপ্তাহটি তার জন্য বেশ চ্যালেঞ্জিং। আমরা চাই সে ধাপে ধাপে ক্রিকেটের মূল কর্মকাণ্ডে ফিরুক। লাঞ্চ বিরতির সময় নেটে তার ব্যাটিং অনুশীলন করার পরিকল্পনা রয়েছে।’ তবে পুরোপুরি সুস্থ হতে তাকে কত সময় লাগবে, তা এখনও কিছুটা অস্পষ্ট বলে উল্লেখ করেন ম্যাকডোনাল্ড।
গ্রিনের জায়গায় বো ওয়েবস্টারকে খেলানোর বিষয়টি নিশ্চিত করেননি কোচ। অভিজ্ঞ এই অলরাউন্ডার এর আগে আগস্ট মাসে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে খেলেছেন। জানুয়ারিতে ভারতের বিপক্ষে সিডনিতে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ১০টি টেস্ট ম্যাচ খেলেছেন ৩২ বছর বয়সী এই খেলোয়াড়। ম্যাকডোনাল্ড স্পষ্ট করেছেন যে, কোনো পজিশন বা খেলোয়াড়ই স্বয়ংক্রিয়ভাবে একাদশে জায়গা পাওয়ার নিশ্চয়তা পায় না।
দলের স্কোয়াড নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে ম্যাকডোনাল্ড জানান, পিচের ধরন ও পরিস্থিতি অনুযায়ী যেকোনো কৌশল নেওয়ার মতো ভারসাম্যপূর্ণ দল তাদের রয়েছে। তিনি বলেন, ‘আমাদের স্কোয়াডের বিশেষত্ব হলো আমরা বিভিন্ন উপায়ে পরিকল্পনা সাজাতে পারি। ম্যাচের তিন দিন আগে একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া কঠিন। আজকের মূল অনুশীলনের পর খেলোয়াড়দের দক্ষতা এবং পিচের অবস্থা বুঝে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

