প্রথম স্ত্রীকে না জানিয়ে ভাগ্নিকে বিয়ে, কুমিল্লার যুবদল নেতা গ্রেপ্তার

কুমিল্লার মেঘনা উপজেলায় প্রথম স্ত্রী ও দুই সন্তান থাকার পরেও সম্পর্কে ভাগ্নিকে বিয়ে করার অভিযোগে আরিফ প্রধান (৩৮) নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে থানা রোডসংলগ্ন ছোয়ানির মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আরিফ প্রধান উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের টিটিরচর গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে। তিনি উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং চালিভাঙ্গা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, প্রথম স্ত্রী ও দুই সন্তান থাকা সত্ত্বেও আরিফ প্রধান প্রতিবেশী চাচাতো বোনের মেয়েকে (সম্পর্কে ভাগ্নি) বিয়ে করেন। এই ঘটনার জেরে তার প্রথম স্ত্রী মোসা. লিজা আক্তার কুমিল্লার আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মেঘনা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, প্রথম স্ত্রীর দায়ের করা ওই মামলায় আদালত থেকে আরিফ প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। সেই পরোয়ানা মূলে তাকে গ্রেপ্তার করা হয়েছে।