বিসিএসসহ সরকারি চাকরির নিয়োগ পরীক্ষাগুলোকে প্রশ্নফাঁস, আর্থিক দুর্নীতি ও ডিজিটাল জালিয়াতির হাত থেকে রক্ষা করতে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী তরুণ প্রজন্মের স্বপ্ন রক্ষায় পরীক্ষা গ্রহণ, প্রশ্ন প্রণয়ন এবং সংরক্ষণ প্রক্রিয়ায় আমূল পরিবর্তন আনা হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য তুলে ধরেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অধিবেশনে মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহর এক লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী ও পিএসসি সচিবালয়ের প্রতিনিধি বিস্তারিত তুলে ধরেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, আগে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র বিজি প্রেস অথবা আর্মি প্রিন্টিং প্রেসে ছাপানো হলেও বর্তমানে তা পিএসসির নিজস্ব ডিজিটাল প্রিন্টিং প্রেসে মুদ্রিত হচ্ছে। নিরাপত্তার স্বার্থে প্রশ্নপত্র মুদ্রণের সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীরা পুরো সময় প্রেসেই অবস্থান করেন এবং এসময় তাদের বাইরের কারো সঙ্গে যোগাযোগের কোনো সুযোগ থাকে না; তাদের কাছে কোনো মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইসও থাকে না। পুরো কার্যক্রমটি পিএসসির চেয়ারম্যান নিজে সরাসরি তদারকি করেন।
পরীক্ষার গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে ভল্টরুমের আধুনিকায়ন করা হয়েছে। এখন থেকে শুধুমাত্র সংশ্লিষ্ট বিজ্ঞ সদস্য এবং মনোনীত কর্মকর্তারা ফেস লক প্রযুক্তির মাধ্যমে ভল্টরুমে প্রবেশের অনুমতি পান এবং ওই এলাকায় সাধারণের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ। প্রশ্নপত্র রক্ষিত ভল্টরুমে সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে চারজন পুলিশ সদস্য নিয়োজিত থাকেন। এছাড়া, প্রশ্ন প্রণয়নের নিয়মও পরিবর্তন করা হয়েছে। বর্তমানে প্রশ্নকর্তারা বাসা থেকে নয়, বরং পিএসসির গোপনীয় কক্ষে বসে কাজ শেষ করেন এবং তা সিলগালা করে সরাসরি সদস্যের কাছে জমা দিয়ে একই দিনে ভল্টে সংরক্ষণ করেন। প্রশ্ন প্রণয়ন ও মডারেশন কক্ষে সিসিটিভি ক্যামেরা বসিয়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ফেরাতে সার্কুলার পদ্ধতি চালু করা হয়েছে, যার ফলে পরীক্ষকরা খাতা বাসায় নিতে পারেন না এবং কমিশনে এসে টিমের মাধ্যমে মূল্যায়ন করতে হয়। ওএমআর মেশিনের মাধ্যমে প্রিলিমিনারি ফলাফল তৈরির পাশাপাশি আবেদন থেকে চূড়ান্ত ফলাফল প্রকাশ পর্যন্ত পুরো কার্যক্রম অটোমেশন করা হয়েছে। মৌখিক বা ভাইভা পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে নতুন নিয়মে পরীক্ষা শুরুর মাত্র ৩০ মিনিট আগে নির্ধারণ করা হয় কোন প্রার্থী কোন বোর্ডে পরীক্ষা দেবেন এবং কোন বিশেষজ্ঞ কোন বোর্ডে দায়িত্ব পালন করবেন। ফলে আগে থেকে এটি জানার সুযোগ নেই, যা পরীক্ষার স্বচ্ছতা শতভাগ নিশ্চিত করছে বলে সংসদে জানানো হয়।

