আগামী ৩ অক্টোবর ভারতের কলকাতায় স্বাগতিকদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অংশ নিতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই সফরকে কেন্দ্র করে প্রস্তুতি ও ভেন্যু পর্যালোচনার অংশ হিসেবে ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল ইতোমধ্যে কলকাতার মাঠ পরিদর্শন সম্পন্ন করেছে। সেই ধারাবাহিকতায় আজ তারা ঢাকায় আসছেন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সার্বিক পরিবেশ, মাঠের মান এবং আনুষঙ্গিক সুযোগ-সুবিধা সরেজমিনে যাচাই করাই এই সফরের মূল উদ্দেশ্য।
প্রতিনিধি দলের এই ঢাকা সফরকে কেন্দ্র করে দেশের ফুটবল ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ ও কৌতূহল তৈরি হয়েছে। ২০১১ সালের ৬ সেপ্টেম্বর লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দলের ঐতিহাসিক বাংলাদেশ সফরের স্মৃতি এখনো অনেকের মনে গেঁথে আছে। সেই ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা ৩-১ গোলে জয়লাভ করেছিল। এবার ব্রাজিল দলের প্রতিনিধি দলের আগমনে ভক্তদের মনে নতুন করে স্বপ্ন জেগেছে—মেসিদের মতো নেইমার-ভিনিসিউসদেরও কি ঢাকার মাঠে দেখা যাবে?
তবে বাংলাদেশে ব্রাজিলের ম্যাচ আয়োজনের বিষয়টি এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী সদস্য ইকবাল হোসেন। তিনি জানান, প্রতিনিধি দলটি দুপুরে স্টেডিয়ামের পরিবেশ ও লজিস্টিক সুবিধাগুলো পর্যবেক্ষণ করবে। তাদের মূল্যায়নের ওপর ভিত্তি করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বাফুফের পক্ষ থেকে ব্রাজিলের ম্যাচ আয়োজনের প্রবল আগ্রহ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, “ওরা এসে মাঠ ও অন্যান্য লজিস্টিক সুবিধা দেখুক। এরপরই হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যাবে।”

