বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই আয়োজনে তিনি অংশ নেন এবং জাতীয় পর্যায়ে নির্বাচিত ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করেন। মূলত শিক্ষকদের পেশাগত স্বীকৃতি ও সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে এ বছর সম্মাননা প্রাপ্তদের সংখ্যা ১২ জন থেকে বাড়িয়ে ১০০ জনে উন্নীত করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাদের হাতে সম্মাননা তুলে দিচ্ছেন।
সম্মাননা প্রাপ্ত প্রত্যেক শিক্ষককে সম্মাননা সনদ, ক্রেস্ট এবং নগদ দুই লাখ টাকা করে উপহার দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যায় পর্যন্ত শিক্ষকদের অবদানকে মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে প্রাথমিক স্তরে ১০ জন, মাধ্যমিক স্তরে ২০ জন, কলেজ পর্যায়ে ২৫ জন, সাধারণ বিশ্ববিদ্যালয়ে ২০ জন, মেডিকেল কলেজে ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৩ জন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত প্রতিষ্ঠান থেকে ৪ জন শিক্ষক এই সম্মাননা পাচ্ছেন। এছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ কোটায় আরও ৫ জন শিক্ষক অন্তর্ভুক্ত রয়েছেন।
দেশের প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা, কারিগরি ও বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে যোগ্য শিক্ষকদের বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়। জাতীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ শিক্ষকদের পেশাগত উন্নয়নের প্রতি রাষ্ট্রীয় গুরুত্ব স্পষ্ট করে। উল্লেখ্য, বিশ্বজুড়ে শিক্ষকদের মর্যাদা, অধিকার ও মানসম্মত শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবছর ৫ অক্টোবর দিবসটি পালিত হয়। ইউনেসকোর উদ্যোগে ১৯৯৪ সাল থেকে বিশ্বব্যাপী শিক্ষক দিবস উদযাপনের প্রচলন রয়েছে।

