নাগোয়ায় সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং সময়ের সাথে সাথে এর তীব্রতা বাড়ায় ভারত-আফগানিস্তান ম্যাচ বাতিল হয়ে গেছে। কোয়ার্টার ফাইনাল বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার কারণে ভারত সেমিফাইনালে খেলার সুযোগ পেয়েছে। একইভাবে পাকিস্তানও বৃষ্টির সুবিধা নিয়ে সেমিফাইনালে উঠেছে। আজ দুপুরে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচেও বৃষ্টির কারণে শঙ্কা তৈরি হয়েছে।
আজ শ্রীলঙ্কা ও নেপালের মধ্যেও একটি ম্যাচ হওয়ার কথা থাকলেও নাগোয়ার বর্তমান আবহাওয়ার কারণে দুটি ম্যাচই মাঠে গড়াবে কিনা, তা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। যদি ম্যাচ পরিত্যক্ত হয়, তবে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার কারণে শ্রীলঙ্কা ও বাংলাদেশ সেমিফাইনালে যাবে। গত তিন দিন ধরে নিশিন সিটির করোগি স্পোর্টস পার্কে, যা ওনতাকে পাহাড়ের পাদদেশে অবস্থিত, অবিরাম বৃষ্টি হচ্ছে। শুধু করোগি নয়, পুরো নাগোয়াতেই বৃষ্টিপাত হচ্ছে।
বৃষ্টির কারণে বাংলাদেশ দল ঠিকমতো অনুশীলন করতে পারেনি। লিটন কুমার দাস ও শান্তদের নেটে ব্যাটিং এবং হালকা ফিল্ডিং করেই হোটেলে ফিরতে হয়েছিল। আজ কোরোগি ফুটবল মাঠে বাংলাদেশের অনুশীলনের কথা থাকলেও বৃষ্টি সেখানেও বাধা হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত ক্রিকেটাররা বৃষ্টির মধ্যেই ফুটবল খেলে সময় কাটিয়েছেন।
মাঠে ক্রিকেট অনুশীলনের সুযোগ না পেলেও দল মানসিক প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চাইছে না। বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস বাস্তবতা মেনে নিয়েছেন যে বৃষ্টির কারণে ম্যাচ না হলে কিছু করার নেই। তিনি বলেন, ‘দেখেন, আমরা খেলার জন্য রেডি আছি। কিন্তু বৃষ্টির ওপর কারও হাত নেই। এখানে আমরা যেকোনো পরিস্থিতির জন্য তৈরি আছি।’
যদি বৃষ্টিতে বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ ভেসে যায়, তবে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে পাকিস্তান। বড় প্রতিপক্ষের বিপক্ষে নামার আগে ম্যাচ অনুশীলনের ঘাটতি কোনো সমস্যা হবে কিনা, এমন প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘আমরা এখানকার কন্ডিশনের কথা জানি। এসব আগে চিন্তা করেই দেশে ভালো একটা প্রস্তুতি নিয়ে এখানে এসেছি। এখানে আমরা যেকোনো পরিস্থিতির জন্য তৈরি আছি।’
লিটন আরও বলেন, ‘দেশ থেকে আসার আগেই আমরা অনেক প্র্যাকটিস করেছি এবং আমি প্লেয়ারদের একটা কথাই বলেছি যে ওখানে গিয়ে অপরচুনিটি নাও থাকতে পারে। সো মেন্টালি ওভাবে প্রিপারেশন নেয়ার জন্য যদি রেইন থাকে বা কারণ এই কান্ট্রিটা খুব একটা ফ্যামিলিয়ার না ক্রিকেটের জন্য। তারা ফ্যাসিলিটি ওভাবে প্রোভাইড করতে পারবে কি না এটাও একটা ডাউটফুল ছিলাম। সো মনে হয় প্লেয়াররা ওখান থেকেই প্রিপারেশন নিয়েছে এবং মনে হয় তারা খেলার জন্য রেডি।’
এই কন্ডিশনে কী ধরনের সেটআপ নিয়ে নামার ইচ্ছা, জানতে চাইলে লিটন বলেন, ‘আমার কাছে মনে হয় উইকেটটা বোলারদের জন্য ফেভারেবল। চেষ্টা করবো যে আমাদের টিমের যে বেস্ট বোলারগুলো আছে তারা খেলবে এবং ওভারঅল যে টিম কম্বিনেশন থাকে, ৫ বোলার ৬ ব্যাটসম্যান।’
এবারের এশিয়ান গেমসে ২২ ডিসিপ্লিনে অংশ নিয়ে বাংলাদেশ এখন পর্যন্ত মাত্র একটি মেডেল পেয়েছে। কোয়ার্টার ফাইনালে বাই পেয়ে ব্রোঞ্জটি জিতেছেন জিন্নাত আক্তার। নারী ক্রিকেট দল চরমভাবে হতাশ করেছে। পুরুষ দলের ওপর এটি চাপ হবে কিনা জানতে চাইলে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আসলে এসব নিয়ে এখনই ভাবতে চাই না। আগে সেমিফাইনাল নিশ্চিত করি। তারপর মেডেলের কথা ভাবা যাবে। তবে এখানে আমরা মেডেল জিততেই এসেছি। দেশ ছাড়ার আগে আমি একটা কথা বলেছিলাম যে আমাদের প্রথম টার্গেট হচ্ছে ফাইনালে যাওয়া। গোল্ড পাব কি না ওটা পরের বিষয়, বাট তার জন্য আগামীকালকের (মঙ্গলবার) যে ম্যাচটা আছে এটা অনেক ইম্পর্টেন্ট। আপাতত ওটার জন্য ফোকাস করছি।’
বাংলাদেশ ও মালয়েশিয়া আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত মাত্র একবার মুখোমুখি হয়েছে। ২০২৩ সালে চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে ২ রানে হারিয়ে বাংলাদেশ সেমিফাইনালে উঠেছিল। এবারও সেই স্মৃতি সামনে রেখেই লিটন-শান্তরা মাঠে নামার অপেক্ষায় আছেন।

