ভারতের মুরাদাবাদে সরকারি সার্কিট হাউসে নামাজ পড়ায় সপা নেতার বিরুদ্ধে মামলা

ভারতের উত্তর প্রদেশের মুরাদাবাদে সরকারি সার্কিট হাউসের ভেতরে নামাজ পড়ার অভিযোগে সমাজবাদী পার্টির (সপা) জেলা সহসভাপতি হাজি মোহাম্মদ উসমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর মুরাদাবাদের ওই সার্কিট হাউসে সপা নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে উসমানকে তার গাড়ির পাশে নামাজ পড়তে দেখা যায়।

সার্কিট হাউসের দায়িত্বপ্রাপ্ত পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের (পিডব্লিউডি) জুনিয়র ইঞ্জিনিয়ার অনিত কুমার এ ঘটনায় পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়েছে, উসমান এমনভাবে গাড়ি পার্ক করে নামাজ পড়েছেন, যার ফলে সার্কিট হাউসে যাতায়াতকারী সাধারণ মানুষ ও যানবাহনের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

এই অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ২৮৫ ও ২৯২ ধারায় মামলাটি নথিভুক্ত করেছে। এর মধ্যে ২৮৫ ধারা জনসাধারণের চলাচলের পথে বাধা সৃষ্টি এবং ২৯২ ধারা জনদুর্ভোগ বা জনউৎপাতের সঙ্গে সম্পর্কিত। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, হাজি মোহাম্মদ উসমান মুরাদাবাদ জেলা সপা-র সহসভাপতি এবং বিলারি আসনের বিধায়ক মোহাম্মদ ফাহিম ইরফানের চাচা।

এদিকে, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন উসমান। তিনি দাবি করেছেন, নামাজ পড়া কোনো অপরাধ নয় এবং তার অবস্থানের কারণে কারও চলাচলে কোনো বাধা সৃষ্টি হয়নি। অন্যদিকে, সরকারি স্থাপনায় ধর্মীয় কার্যক্রম পরিচালনার বিষয়টি নিয়ে কয়েকটি হিন্দু সংগঠন আপত্তি জানিয়েছে। কংগ্রেস নেতা পবন খেরা এই মামলা দায়েরের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন, যা বিষয়টি ঘিরে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।