শনিবার (১৯ সেপ্টেম্বর) সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরের আকাশ ছেয়ে যায় বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলীতে। ঘটনার কিছু সময় আগে থেকেই শহরটিতে এক রহস্যময় পরিস্থিতি তৈরি হয়। গভীর রাতে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেলে রিয়াদসহ পার্শ্ববর্তী আল-খারজ শহরের নাগরিকদের মোবাইল ফোনে সম্ভাব্য বিপদের সতর্কবার্তা পাঠায় দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ঘনঘন হামলার আশঙ্কার মধ্যে এমন ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রয়টার্সের প্রকাশিত ছবি ও ভিডিওতে বিমানবন্দরের মহাসড়ক, মূল টার্মিনাল ভবন এবং আশপাশের স্থাপনার আকাশজুড়ে ধোঁয়ার ভয়াবহ স্তম্ভ দেখা গেছে। ওলায়া এলাকায় অবস্থানরত প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানান, সতর্কবার্তা পুরোপুরি তুলে নেওয়ার ঠিক আগমুহূর্তেও তিনি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনতে পান। যদিও তাৎক্ষণিকভাবে ধোঁয়ার সুনির্দিষ্ট উৎস বা ক্ষয়ক্ষতির বিষয়ে সৌদি সরকারের মিডিয়া অফিস থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। শনিবার সকালে ‘সব ঠিক আছে’ বার্তা দেওয়ার আগপর্যন্ত নগরজুড়ে উদ্বেগ ছিল তুঙ্গে। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

