লালমনিরহাটের হাতীবান্ধা থানায় কর্মরত চার পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক উদ্ধার অভিযানে গিয়ে ১০ লাখ টাকার বিনিময়ে একটি প্রাইভেটকারসহ মাদকের বড় চালান ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যাহার হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন—উপ-পরিদর্শক (এসআই) তুহিন, এসআই রিমন মিয়া, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল হাকিম এবং এএসআই লুৎফর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ জুলাই দুপুরে বোর্ডের হাট বাজার এলাকায় এক চিহ্নিত মাদক কারবারির বাড়িতে অভিযান পরিচালনা করেন ওই চার কর্মকর্তা। অভিযানে একটি সাদা প্রাইভেটকার, একটি মোটরসাইকেল এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। অভিযোগ রয়েছে, জব্দকৃত আলামত থানায় জমা না দিয়ে তারা ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে নিয়ে যান। সেখানে গোপন বৈঠকের মাধ্যমে ১০ লাখ টাকা ঘুষ নিয়ে মাদকের চালানটি ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ থেকে বিষয়টি জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ওসি আশরাফুজ্জামান সরকার জানান, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পর অভিযুক্ত চার পুলিশ কর্মকর্তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

