রংপুর মহানগরের হারাগাছ থানা এলাকায় এক নারীর গোসলের ভিডিও গোপনে ধারণ এবং সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন রংপুর সিটি করপোরেশনের মধ্য কার্তিক গ্রামের বাসিন্দা এমদাদুল হক (৩২) এবং মোকারেম ওরফে মোকা (২০)।
হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাহাবুব রহমান জানান, ভুক্তভোগী নারী বৃহস্পতিবার রাতে এমদাদুল হকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে এমদাদুলকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমদাদুল জানান, তিনি ওই ভিডিওটি প্রতিবেশী মোকারেমের কাছ থেকে সংগ্রহ করেছিলেন। এরপর পুলিশ মোকারেমকেও আটক করে।
জিজ্ঞাসাবাদে মোকারেম স্বীকার করেছেন যে, প্রায় সাত মাস আগে ওই নারী নিজ বাড়ির ওয়াশরুমে গোসল করার সময় তিনি গোপনে ভিডিওটি ধারণ করেছিলেন।
রংপুর মেট্রোপলিটন আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দুই আসামিকে আদালতের নির্দেশে রংপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

