রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় গোপন বৈঠক করার সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৫০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাতে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-এম, রোড-২৮-এর ২১৭৩ নম্বর বাসার দ্বিতীয় তলার বি-২ ফ্ল্যাটে এই গোপন বৈঠকটি চলছিল। সেখানে ছাত্রলীগ, যুবলীগ ও যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের কর্মীরা ১৫ আগস্ট শোক দিবস পালনের প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় ঘটনাস্থল থেকে শোক দিবস পালনের ব্যানার ও বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড জব্দ করা হয়েছে।

