ফুটবল বিশ্বে বড় ধরনের চমক সৃষ্টি করেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। দীর্ঘ ১১ বছর আগে ফুটবল থেকে অবসর নিলেও, ৪৬ বছর বয়সে তিনি আবারও মাঠে ফিরছেন। ইতালির ক্লাব রাভেন্নার সঙ্গে একটি চুক্তিতে যুক্ত হয়েছেন এই তারকা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদন অনুযায়ী, রোনালদিনহো ২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে সংক্ষিপ্ত সময়ের জন্য খেলার পর তার পেশাদার ক্যারিয়ারের ইতি টেনেছিলেন। এরপর দীর্ঘ সময় তিনি খেলার মাঠের বাইরে ছিলেন, তবে এবার তিনি নতুন এক ভূমিকায় ফিরে আসছেন।
তবে, এই চুক্তির অধীনে তিনি সরাসরি মাঠে নেমে খেলবেন কিনা, তা এখনো নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে, তাকে ভিন্ন কোনো ভূমিকায় দেখা যেতে পারে। ইতালির সিরি সি ক্লাব রাভেন্না রোনালদিনহোর এই যোগ দেওয়াকে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছে। গত মৌসুমে অল্পের জন্য প্রোমোশন হাতছাড়া করা রাভেন্না এবার বড় ধরনের ঘোষণা দিতে আগ্রহী।
ক্লাবটির মালিক ইগনাজিও চিপ্রিয়ানি তার দলকে নতুন করে আলোচনায় আনতে চান। জানা গেছে, এই পরিকল্পনার অংশ হিসেবেই রোনালদিনহোকে ক্লাবের সঙ্গে যুক্ত করা হয়েছে।
আগামী সপ্তাহে মিয়ামিতে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
রোনালদিনহো নিজেও তার এই নতুন যাত্রা নিয়ে বেশ উচ্ছ্বসিত। তিনি বলেছেন, "নতুন রঙ, কিন্তু সেই পুরোনো হাসি। আমি আবারও বল নিয়ে নাচতে এবং নতুন গল্প লিখতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।"

