দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকা বিদেশি ঋণ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে বাংলাদেশ মোট ৬৯ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলারের বিদেশি ঋণ পরিশোধ করেছে। দেশীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৮ হাজার ৬২৬ কোটি টাকা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ের তুলনায় ঋণ পরিশোধের হার বেড়েছে ৩ কোটি ১৮ লাখ ১০ হাজার ডলার। গত বছর এই সময়ে ৬৬ কোটি ৭১ লাখ ১০ হাজার ডলার বা প্রায় ৮ হাজার ১৩১ কোটি টাকা পরিশোধ করা হয়েছিল। রোববার (২৭ সেপ্টেম্বর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জুলাই-আগস্টে পরিশোধিত অর্থের মধ্যে ৫১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার মূল ঋণের কিস্তি এবং ১৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার সুদ বাবদ দেওয়া হয়েছে। এদিকে, এই দুই মাসে বিদেশি ঋণের অর্থছাড় হয়েছে ২৯ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার। এছাড়া, জুলাই ও আগস্ট মাস জুড়ে নতুন করে ২৪ কোটি ডলারের ঋণ সহায়তা পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ, যেখানে গত অর্থবছরের একই সময়ে এই প্রতিশ্রুতি ছিল ২৪ কোটি ৩৮ লাখ ডলারের। প্রতিবেদন অনুযায়ী, জুলাই ও আগস্টে পরিশোধিত অর্থের মধ্যে মূল ঋণের কিস্তি বাবদ ৫১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার বা প্রায় ৬ হাজার ৩৬৯ কোটি টাকা পরিশোধ করেছে বাংলাদেশ। আর সুদ বাবদ পরিশোধ করেছে ১৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার বা প্রায় ২ হাজার ২৫৭ কোটি টাকা।