বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার মিলনায়তনে সোমবার সন্ধ্যায় মঞ্চস্থ হলো জনপ্রিয় ইংরেজি নাটক ‘দ্য পাইড পাইপার অব হ্যামেলিন’। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার থিয়েটার ওয়ার্কশপের শিক্ষার্থীদের অংশগ্রহণে নাটকটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উইলিয়াম গ্লেননের রচনায় বিখ্যাত এই জার্মান লোকগাথাভিত্তিক নাটকটি নির্দেশনা দিয়েছেন গুণী অভিনেতা ও নির্দেশক আশীষ খন্দকার।
প্রযোজনাটির লক্ষ্য সম্পর্কে নির্দেশক আশীষ খন্দকার বলেন, নতুন প্রজন্মের নাট্যকর্মীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিশ্বসাহিত্যের অনন্য এই সৃষ্টিকে ভিন্ন আঙ্গিকে দর্শকদের সামনে উপস্থাপন করাই আমাদের মূল লক্ষ্য। তাঁর মতে, ছোট-বড় সব বয়সের দর্শকের জন্যই নাটকটি উপভোগ্য ও আনন্দদায়ক হবে। এই প্রযোজনাটি আধুনিক ও নান্দনিক মঞ্চভাবনার সাথে সাবলীল ইংরেজি সংলাপের সমন্বয়ে তৈরি করা হয়েছে।
নাটকটিতে একটি শহরের ইঁদুরের উপদ্রব, শহরের মেয়রের প্রতিশ্রুতি ভঙ্গ এবং রহস্যময় এক বাঁশিওয়ালার জাদুকরী সুরের বহুল পরিচিত আখ্যান ফুটে উঠেছে। আয়োজকদের মতে, অভিনব দৃশ্যকাব্য ও ব্যতিক্রমী মঞ্চায়নের মাধ্যমে দর্শকদের এক নতুন নাট্য অভিজ্ঞতা প্রদানের চেষ্টা করা হয়েছে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ আহ্ নাফ আলম, মোহাম্মদ সিনদীদ শামাউন তীর্থক, আয়ুশ দেবনাথ, অর্জুন দে, মারিয়ম ইয়ারলিন লাহান্তী, আবদুল্লাহ জামিল মাহমুদ (আনন্দ), ইশায়াত রণ, ইসাবাহ রচি, ফাবিহা জুবাইদা সিদ্দিকী, মৃণ্ময়ী আশীষ ও মনস্বিতা বড়াল।
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার এই থিয়েটার ওয়ার্কশপটি পরিচালনা করে থিয়েটার চর্চা ও প্রশিক্ষণকেন্দ্র ‘ফ্রাইডে থিয়েটার স্কুল’। এই আয়োজনের মাধ্যমে কর্মশালায় অংশ নেওয়া তরুণ শিক্ষার্থীরা তাদের অর্জিত নাট্যদক্ষতা ও সৃজনশীলতা সরাসরি দর্শকদের সামনে তুলে ধরার সুযোগ পাচ্ছেন, যা তাদের ভবিষ্যৎ নাট্যচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

