ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজধানীর সংসদ ভবন এবং এর পার্শ্ববর্তী এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এই এলাকাগুলোতে সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ক্ষতিকারক ও দূষণীয় বস্তু বহন নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়। আগামী ২৭ আগস্ট থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হতে যাচ্ছে। এই অধিবেশনকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে ২৬ আগস্ট বুধবার দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকার সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত এলাকা এবং বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত অংশ। এছাড়া পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি ও পর্যটন ক্রসিং পর্যন্ত এলাকা এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত। একই সঙ্গে ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এসব সীমানার ভেতরে থাকা সব রাস্তা ও গলিপথও এই কঠোর নিরাপত্তা বলয়ের আওতায় থাকবে।

