সৌদি আরবে কর্মরত প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট বা ‘রুখসা আমল’ ইস্যু ও নবায়নের ক্ষেত্রে নতুন সুযোগ ঘোষণা করেছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই কার্যক্রম সম্পন্ন করার সময়সীমা বাড়িয়ে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বুধবার (৩০ জুন) রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
দীর্ঘদিন ধরে নিয়োগকর্তার অবহেলা, প্রশাসনিক জটিলতা কিংবা দালালচক্রের প্রতারণার শিকার হয়ে অনেক বাংলাদেশি প্রবাসী বৈধ কাগজপত্রের সংকটে ভুগছেন। বৈধ নথিপত্র না থাকায় অনেকে কর্মসংস্থান হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন; এমনকি খোলা আকাশ বা মসজিদ চত্বরে রাত কাটানোর মতো ঘটনাও ঘটছে।
দূতাবাস জানিয়েছে, শ্রম আইন মেনে চলা এবং নিয়োগকর্তা ও কর্মীর অধিকার নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা আইনানুগ প্রক্রিয়ায় বৈধ হতে চান বা দেশে ফিরতে ইচ্ছুক, তাদের প্রয়োজনীয় আইনি ও কনস্যুলার সহায়তা দিতে প্রস্তুত রয়েছে দূতাবাস। নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করলে প্রবাসীদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

