কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে অতিক্রমের চেষ্টাকালে মোট ২০টি জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এই ২০টি জাহাজের মধ্যে মার্কিন নৌবাহিনীর দুটি জাহাজ এবং আটটি তেলবাহী ট্যাঙ্কার রয়েছে। আইআরজিসির জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রণালিতে নিজেদের পূর্ণ কর্তৃত্ব বজায় রাখা এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে প্রকাশিত এই বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর প্রতি গত ১৯০ দিন ধরে ধারাবাহিক সমর্থন ও সচেতনতা প্রদর্শনের জন্য দেশটির জনগণের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। আইআরজিসি কর্মকর্তাদের দাবি, জাতীয় স্বার্থ রক্ষায় হরমুজ প্রণালির ওপর তাদের নৌবাহিনী সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে।
আইআরজিসির ভাষ্যমতে, মার্কিন সামরিক বাহিনীর সাম্প্রতিক আগ্রাসী পদক্ষেপের জবাবেই এই অভিযান চালানো হয়েছে। তেহরানের অভিযোগ, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে মার্কিন বাহিনী পারস্য উপসাগরে ইরানের পাঁচটি তেলবাহী ট্যাঙ্কারকে লক্ষ্যবস্তু করেছিল। এর পাল্টা জবাব হিসেবেই আইআরজিসি নৌবাহিনী ওই এলাকায় দুটি মার্কিন জাহাজ ও আটটি তেল ট্যাঙ্কারকে আক্রমণ করে, যাতে লক্ষ্যবস্তুগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
এছাড়া, হরমুজ প্রণালির ভেতরে ইরানের ঘোষিত নিষিদ্ধ ও বিপজ্জনক অঞ্চল দিয়ে চলাচলের চেষ্টা করায় আরও ১০টি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আইআরজিসির দাবি, নিয়ম অমান্যকারী এই জাহাজগুলো মার্কিন বাহিনীর প্ররোচনা ও সমর্থনে ওই অঞ্চল অতিক্রমের চেষ্টা করছিল। বিবৃতির শেষাংশে আইআরজিসি সতর্ক করে বলেছে, বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথটির ওপর তাদের সামরিক নজরদারি ও তদারকি অব্যাহত থাকবে।

