ফেসবুক বিজ্ঞাপনের পেমেন্টে যুক্ত হচ্ছে বিকাশ, পরীক্ষামূলক সুবিধা শুরু

বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েটর, ক্ষুদ্র উদ্যোক্তা ও ডিজিটাল মার্কেটারদের জন্য ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধের প্রক্রিয়ায় বিকাশ যুক্ত হতে যাচ্ছে। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে কিছু ব্যবহারকারীর ফেসবুক অ্যাকাউন্টে বিজ্ঞাপনের পেমেন্ট পদ্ধতিতে বিকাশের অপশনটি দেখা গেছে। কয়েকজন ব্যবহারকারী সফলভাবে বিকাশের মাধ্যমে বিজ্ঞাপনের বিল পরিশোধ করতে পেরেছেন বলেও জানিয়েছেন।

তবে এই সুবিধাটি এখনো সবার জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়নি। মেটার পক্ষ থেকেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। বর্তমানে বাংলাদেশ থেকে ফেসবুকে বিজ্ঞাপন দিতে গেলে সাধারণত আন্তর্জাতিক ডেবিট বা ক্রেডিট কার্ডের প্রয়োজন হয়। কার্ডে ডুয়াল কারেন্সি চালু করা এবং ব্যাংকের অনুমোদন নেওয়াসহ নানা জটিলতার কারণে অনেক নতুন কনটেন্ট ক্রিয়েটর ও ক্ষুদ্র উদ্যোক্তা বিজ্ঞাপন দিতে গিয়ে সমস্যায় পড়েন।

বিকাশ যুক্ত হলে এসব ব্যবহারকারীর জন্য স্থানীয়ভাবে বিজ্ঞাপনের বিল পরিশোধের সুযোগ তৈরি হবে। বিশেষ করে ফেসবুক ও ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর, এফ-কমার্স উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী, ফ্রিল্যান্সার এবং ডিজিটাল মার্কেটিং এজেন্সিগুলো এতে বিশেষভাবে উপকৃত হতে পারেন। সম্প্রতি কয়েকজন ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক অ্যাডস ম্যানেজারের স্ক্রিনশট প্রকাশ করেছেন, যেখানে প্রচলিত ব্যাংক কার্ডের পাশাপাশি বিকাশের নামও দেখা যায়।

বর্তমানে সুবিধাটি সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলকভাবে চালু রয়েছে। কবে নাগাদ এটি সবার জন্য উন্মুক্ত হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এই সুবিধাটি আনুষ্ঠানিকভাবে চালু হলে আন্তর্জাতিক কার্ডের ওপর নির্ভরতা কমার পাশাপাশি বাংলাদেশে ফেসবুকভিত্তিক ব্যবসা ও ডিজিটাল বিজ্ঞাপনের ব্যবহার আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত