রংপুর নগরীর হারাগাছ থানা এলাকায় এক নারীর গোসলের ভিডিও গোপনে ধারণ করে তা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে টাকা দাবি, যৌন সম্পর্কের প্রস্তাব এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃতদের রংপুর আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তারকৃতরা হলেন রংপুর সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এমদাদুল হক (৩২) এবং একই এলাকার মোকারেম ওরফে মোকা (২০)। মামলার তদন্ত কর্মকর্তা ও হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুব রহমান জানান, বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী নারী এমদাদুল হককে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে প্রথমে এমদাদুলকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমদাদুল পুলিশকে জানান যে, ওই ভিডিওটি তিনি তার প্রতিবেশী মোকারেমের কাছ থেকে সংগ্রহ করেছিলেন। এরপর পুলিশ মোকারেমকেও আটক করে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রায় সাত মাস আগে মোকারেম গোপনে ওই নারীর গোসলের ভিডিও ধারণ করেছিলেন। গত ২০ জুলাই ভিডিওটি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তিনি ভুক্তভোগীর কাছে টাকা দাবি করেন। নারীটি সাড়া না দিলে মোকারেম সেই ভিডিও এমদাদুলের কাছে পাঠিয়ে দেন। অভিযোগ রয়েছে, ২২ জুলাই গভীর রাতে এমদাদুলও একই ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ভুক্তভোগীকে যৌন সম্পর্কের প্রস্তাব দেন এবং বিভিন্ন বার্তা পাঠিয়ে তাকে চাপ প্রয়োগ করেন।
তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, দুই আসামির ব্যবহৃত মোবাইল ফোন থেকে ভুক্তভোগীর ভিডিও ও সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ বার্তার প্রমাণ পাওয়ার পর আলামত হিসেবে মোবাইল ফোন দুটি জব্দ করা হয়েছে। আদালতের পরিদর্শক আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশে দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

