চাঁদপুর সদর উপজেলার মান্দারী গ্রামে মাদকবিরোধী অভিযানের নামে এক প্রবাসীকে ইট-পাটকেল নিক্ষেপ করে হত্যার অভিযোগ উঠেছে। নিহত শাহজাহান পাটোয়ারী (৪৫) ওই গ্রামের মৃত মকবুল হোসেন পাটোয়ারীর ছেলে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়ির সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের স্বজন ও মামলার বাদী মো. স্বপন পাটোয়ারীর এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে কয়েকজন যুবক মাদকবিরোধী অভিযানের কথা বলে শাহজাহান পাটোয়ারীর বাড়ির সামনে উপস্থিত হয়। তারা সেখানে কেন এসেছেন, তা জানতে চাইলে যুবকেরা ক্ষিপ্ত হয়ে তাকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শুক্রবার (৭ আগস্ট) বিকেলে চাঁদপুর সদর মডেল থানায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩০২ ও ৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় লোধেরগাঁও গ্রামের মৃত আলফু গাজীর ছেলে মো. শাকিল গাজী (২৭), মৃত শফিক গাজীর ছেলে মো. সাজিদ গাজী (২৩) এবং মান্দারী গ্রামের আব্দুর রাজ্জাক মিজির ছেলে আল আমিন মিজি (২১) ও মো. আরাফাত মিজি (১৯)-কে অভিযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে এলাকায় প্রবেশ, হামলা এবং হত্যার অভিযোগ আনা হয়েছে।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদ জানান, বাদীর অভিযোগের ভিত্তিতে মামলাটি রেকর্ড করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। তিনি আরও জানান, বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, ঘটনার সময় অভিযুক্তদের ভূমিকা এবং কেন তারা মাদকবিরোধী অভিযানের নামে সেখানে গিয়েছিল, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে পুলিশ জানিয়েছে।

