বাংলাদেশে সেমিকন্ডাক্টর শিল্পের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এডাস্ট)-এর ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (০৭ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এই সেমিনারের শিরোনাম ছিল “বিল্ডিং হিউম্যান ক্যাপিটাল থ্রু ভিএলএসআই: টুওয়ার্ডস এ সেমিকন্ডাক্টর-রেডি বাংলাদেশ”।
সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র ভিত্তিক এসবিট ইনক-এর প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট ও সিইও এবং সিলিকন ভ্যালিভিত্তিক একটি স্টেলথ-মোড এআই সিস্টেম কোম্পানির প্রকৌশল পরিচালক ড. জাহাঙ্গীর দেওয়ান। তিনি ভিএলএসআই, সেমিকন্ডাক্টর প্রযুক্তি, চিপ ডিজাইন এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের অপার সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। দেশের বাইরে থেকেও প্রযুক্তি বিশেষজ্ঞরা ভার্চুয়ালি এই আয়োজনে যুক্ত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম. শামসুল আলম লিটন। তিনি দেশকে প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর করতে সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্বারোপ করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এতে সভাপতিত্ব করেন। তিনি তার বক্তব্যে আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার মাধ্যমে শিক্ষার্থীদের বৈশ্বিক কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তোলার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এছাড়া সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইইই বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. এস.এম. মোস্তফা আল মামুন এবং স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ রেজাউল হক খান। অনুষ্ঠানের অংশ হিসেবে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে সিএসই বিভাগের চেয়ারম্যান শারমিন আক্তার এবং ইইই বিভাগের সহকারী অধ্যাপক মো. আতিক-উজ-জামান আতিক অংশগ্রহণ করেন। রোবোটিক্স অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মাজিদ ইশতিয়াক আহমেদ এই প্যানেল আলোচনাটি সঞ্চালনা করেন। শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের উপস্থিতিতে আয়োজিত এই সেমিনারটি বাংলাদেশকে ভবিষ্যতে একটি সেমিকন্ডাক্টর-প্রস্তুত দেশ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

