ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে নতুন সূচনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে একটি ‘নতুন সূচনা’র আহ্বান জানিয়েছেন। সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে নিজের দপ্তরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এই মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভৌগোলিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকসহ বিভিন্ন দিক থেকে দুই দেশ একে অপরের ওপর নির্ভরশীল। তাই অতীতকে পেছনে ফেলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে নতুন সূচনা অপরিহার্য।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে, দুই দেশের মধ্যে কিছু মতপার্থক্য ও সমস্যা থাকা স্বাভাবিক, তবে পারস্পরিক সহযোগিতা ও সমতার ভিত্তিতে আলোচনার মাধ্যমে এগুলোর সমাধান করা সম্ভব। তিনি আরও বলেন, সমতার ভিত্তিতে আলোচনার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে ভারতকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে।

ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, ভারত ও বাংলাদেশ কেবল ভৌগোলিক সীমানার অংশীদার নয়, বরং তারা সমৃদ্ধির স্বপ্নেরও অংশীদার। তিনি গণতান্ত্রিক সংস্কৃতিতে মতভেদ থাকাকে স্বাভাবিক উল্লেখ করে বলেন, মতভেদের অস্তিত্ব গণতন্ত্রের সৌন্দর্যেরই একটি অংশ। ত্রিবেদী আশ্বস্ত করেন, দুই দেশের মধ্যে এমন কোনো জটিল বিষয় নেই যা কূটনৈতিক উপায়ে আলোচনা করে সমাধান করা সম্ভব নয়। তিনি আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী ও উজ্জ্বল হবে বলে আশা প্রকাশ করেন।

উভয় পক্ষ বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ ও ইতিবাচক আলোচনা করেছে। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।