ইরাকের কুর্দিস্তান এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। বাংলাদেশ সময় অনুযায়ী রোববার ভোর ৪টার দিকে কর্মস্থল থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সেখানে একটি কনফেকশনারি দোকানে কর্মরত ছিলেন।
নিহতদের মধ্যে একজন মনোহার আলী (৩৫), যিনি উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ঘুঘুমারী গ্রামের খলিল মণ্ডলের বড় ছেলে। প্রায় চার বছর আগে জীবিকার সন্ধানে তিনি ইরাকে যান। বৈধ কাগজপত্র না থাকায় নানা প্রতিকূলতার মাঝেও সাপ্লাইয়ের কাজ করে পরিবারের খরচ মেটাতেন। বিদেশ যাওয়ার ঋণ শোধ না হতেই তার মৃত্যুতে পরিবারটি গভীর সংকটে পড়েছে। এর মধ্যে ঘূর্ণিঝড়ে বসতঘরের চাল উড়ে যাওয়ায় তার স্ত্রী ও দুই সন্তানের জীবন অনিশ্চিত হয়ে পড়েছে।
দুর্ঘটনায় নিহত অপরজন হলেন চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি এলাকার মরহুম আলাউদ্দিন মাস্টারের ছেলে বজলু (৪০)। দেড় বছর আগে কর্মসংস্থানের আশায় বিদেশে পাড়ি জমান তিনি। ধারদেনা করে বিদেশে গেলেও পরিবারের আর্থিক দৈন্যদশা ঘোচাতে পারেননি তিনি। বজলুর মৃত্যুতে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে পরিবারটি চরম অসহায়ত্বের মুখে পড়েছে। স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানিয়েছেন, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে তারা জানতে পেরেছেন। নিহতদের পরিবারের সাথে পুলিশ নিয়মিত যোগাযোগ রাখছে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

