২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় অংশগ্রহণ ও ‘রেমিট্যান্স শাটডাউন’-এর তাৎপর্য নিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই রোববার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা বলেন, সে সময় রেমিট্যান্স প্রবাহ বন্ধ রাখার সিদ্ধান্তটি দেশের আন্দোলনের প্রতি প্রবাসীদের ঐক্যবদ্ধ প্রতিবাদের এক শক্তিশালী প্রতীক হিসেবে কাজ করেছে। এটি আন্তর্জাতিক মহলে গণঅভ্যুত্থানের সপক্ষে জনমত গঠনে বড় ভূমিকা রাখে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল-কুরআন তিলাওয়াত করেন লোকমান হাকিম এবং এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টারের কুয়ালালামপুর আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক তানভীরুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের আয়োজন করে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টার।
সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. আবুল বাশার। বিশেষ অতিথি হিসেবে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টারের আহ্বায়ক ইঞ্জি: মোহাম্মদ এনামুল হক এবং বিশেষ বক্তা হিসেবে সংগঠনের সদস্য সচিব আলম রওশন বক্তব্য দেন। এছাড়া এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের কেন্দ্রীয় সদস্য আকাশ আলমগীর, সেলাংগর আঞ্চলিক কমিটির সোহেল এবং কুয়ালালামপুর আঞ্চলিক কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক বিলকিস বিথী আলোচনায় অংশ নেন।
জুলাই যোদ্ধা আব্দুল আহাদ সরাসরি উপস্থিত থেকে আন্দোলনের স্মৃতিচারণ করেন। এ ছাড়া ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় অংশগ্রহণ করেন শহীদ তাহমিদের মা, শহীদ ইমনের ভাই, আহত যোদ্ধা মোহাম্মদ ওমর ফারুক এবং শহীদ সাজ্জাদের বাবা। বক্তারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আহত যোদ্ধাদের অবদানের যথাযথ স্বীকৃতির দাবি জানান। তারা বলেন, গণঅভ্যুত্থানের চেতনা এবং শহীদ ও আহতদের ত্যাগের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে দেশে-বিদেশে গণতন্ত্রকামী মানুষদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।
আহত জুলাই যোদ্ধা মোহাম্মদ ওমর ফারুক সভায় আক্ষেপ করে জানান, আন্দোলনে আহত হওয়ার পর থেকে তিনি বাংলাদেশ সরকারের কাছ থেকে এখন পর্যন্ত কোনো সহায়তা পাননি। এ বিষয়ে তিনি জরুরি হস্তক্ষেপ কামনা করেন। জবাবে সংগঠনের আহ্বায়ক ইঞ্জি: মোহাম্মদ এনামুল হক তাকে আশ্বস্ত করেন যে, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে এবং আহত যোদ্ধার প্রাপ্য সহায়তা নিশ্চিত করতে সংগঠন সব ধরনের প্রচেষ্টা চালাবে। সবশেষে মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসী ও সংগঠনের সদস্যদের অংশগ্রহণে মতবিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

