অফিসে সময়ানুবর্তিতা নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত হচ্ছেন কি না, তা নিশ্চিত করতে প্রধান কার্যালয় নগর ভবনে আকস্মিক পরিদর্শন চালিয়েছেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। রবিবার (১৬ আগস্ট ২০২৬) তিনি নগর ভবনের বিভিন্ন বিভাগ ও শাখা সরেজমিনে ঘুরে দেখেন এবং উপস্থিতির বিষয়ে খোঁজ-খবর নেন।

পরিদর্শনকালে প্রশাসক কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত কর্মঘণ্টা মেনে যথাসময়ে অফিসে উপস্থিত হওয়ার তাগিদ দেন। তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। নগরবাসীকে কাঙ্ক্ষিত সেবা দেওয়ার জন্য কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা, সময়ানুবর্তিতা ও কর্মনিষ্ঠার কোনো বিকল্প নেই। নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হয়ে আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

প্রশাসক কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি ও কার্যকারিতা নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। নাগরিক সেবা প্রদানে কোনো ধরনের শৈথিল্য, বিলম্ব বা গাফিলতি বরদাশত করা হবে না। একইসঙ্গে তিনি সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করে তোলার আহ্বান জানান।