২৭ বছর বয়সে বলিউড অভিনেত্রী অনন্যা রাজের মৃত্যু, মাসখানেক পর জানাল পরিবার

বলিউডের তরুণ অভিনেত্রী অনন্যা রাজ মাত্র ২৭ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। গত ১৫ জুলাই ঘুমের মধ্যে তার মৃত্যু হয়। তবে মৃত্যুর প্রায় এক মাস পর রোববার তার পরিবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে প্রকাশ করে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, গত এক বছরেরও বেশি সময় ধরে তিনি শারীরিক ও মানসিক নানা জটিলতায় ভুগছিলেন। সব প্রতিকূলতার বিরুদ্ধে একজন অদম্য যোদ্ধার মতো লড়াই চালিয়ে গেছেন তিনি এবং জীবনের শেষ দিন পর্যন্ত মাথা উঁচু করে বেঁচে ছিলেন।

অনন্যার অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে অল ইন্ডিয়ান সাইন ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)। সংগঠনটির মতে, এই তরুণ অভিনেত্রীর মৃত্যু কেবল তার পরিবারের জন্যই নয়, বরং পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য এক অপূরণীয় ক্ষতি। অনন্যা তার ক্যারিয়ারে ‘সেভেন আওয়ার্স টু গো’, ‘দ্য ফাইনাল এক্সিট’ ও ‘ঘোস্ট’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়া তেলুগু থ্রিলার ‘থাগগেদে লে’ এবং ত্রিভাষিক সিনেমা ‘মাদরাসি গ্যাং’-এও তাকে দেখা গেছে। শোকসন্তপ্ত পরিবার তার আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছে এবং এই কঠিন সময়ে তাদের গোপনীয়তা রক্ষার বিনীত অনুরোধ জানিয়েছে।