দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কার্যক্রমের অংশ হিসেবে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয় এবং অগ্নিকাণ্ড প্রতিরোধবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, ত্রাণ কর্মকর্তা মো. সানাউল্লাহ, ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ হিমাইল কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেরাজুল ইসলাম এবং প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক। বক্তারা তাদের বক্তব্যে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার ক্ষেত্রে আগাম প্রস্তুতি ও জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। তারা উল্লেখ করেন, নিয়মিত এ ধরনের কর্মসূচি দুর্যোগ মোকাবিলায় সাধারণ মানুষকে আরও দক্ষ ও প্রস্তুত করে তুলবে।
দিবসটির বিশেষ আকর্ষণ ছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের প্রদর্শিত মহড়া। অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে দ্রুত উদ্ধারকাজ পরিচালনা ও প্রতিরোধমূলক কৌশলের বাস্তব চিত্র তুলে ধরেন তারা। এই প্রদর্শনী উপস্থিত সবার মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে আয়োজকরা জানিয়েছেন।

