নড়াইলে কৃষকদল নেতা শোয়েব মিনার বহিষ্কারাদেশ প্রত্যাহার, ফিরে পেলেন পদ

নড়াইল জেলা জাতীয়তাবাদী কৃষকদলের সদস্যসচিব মো. শোয়েব মিনার ওপর থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় স্বীয় পদে বহাল করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির এক আনুষ্ঠানিক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলামের স্বাক্ষরিত ওই চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গত ১ ফেব্রুয়ারি মো. শোয়েব মিনাকে নড়াইল জেলা কৃষকদলের সদস্যসচিব ও প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তার বিরুদ্ধে দলীয় নির্দেশনা অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগ ছিল। তবে আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় কমিটি এই বহিষ্কারাদেশ তুলে নিয়েছে। কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন, যা ৬ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নড়াইল জেলা কৃষকদলের আংশিক আহ্বায়ক কমিটি গঠিত হয়। সেখানে হিমায়েত হুসাইন ফারুককে আহ্বায়ক, ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম রুবেলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. শোয়েব মিনাকে সদস্যসচিব করা হয়েছিল। প্রায় সাত মাস পর এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি পুনরায় তার আগের পদে ফিরে এলেন।