পাকিস্তানের কোচ হতে আগ্রহী মুশতাক, তবে পিসিবির অস্থিরতায় রয়েছে ভয়

বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচের দায়িত্বে থাকা কিংবদন্তি লেগস্পিনার মুশতাক আহমেদ নিজের দেশ পাকিস্তানের কোচ হওয়ার বিষয়ে খোলামেলা আলোচনা করেছেন। ‘স্টাম্পড’ পডকাস্টে তিনি জানিয়েছেন, নিজের দেশকে কোচিং করানোর প্রবল ইচ্ছা তার রয়েছে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাম্প্রতিক অস্থিরতা এবং হুটহাট সিদ্ধান্ত নেওয়ার সংস্কৃতি তাকে এই দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে দ্বিধায় ফেলছে। তার মতে, আবেগপ্রসূত সিদ্ধান্তে যে কোনো সময় চাকরি হারানোর ভয় একজন কোচের জন্য বড় বাধা।

পাকিস্তান ক্রিকেটের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির দিকে ইঙ্গিত করে ১৯৯২ বিশ্বকাপজয়ী এই তারকা বলেন, কোচদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হচ্ছে না। সফরের মাঝপথে কোচ বা কর্মকর্তাদের বরখাস্ত করার মতো ঘটনা দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে আতঙ্ক সৃষ্টি করে। সম্প্রতি ইংল্যান্ড সফরে সিরিজের মাঝপথে সাত ক্রিকেটারকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার পাশাপাশি প্রধান কোচ সরফরাজ আহমেদ এবং সহকারী কোচ উমর গুলকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার ঘটনাটি তিনি ব্যথিত করেছেন।

মুশতাক মনে করেন, সরফরাজ ও উমর গুল পাকিস্তান ক্রিকেটের অত্যন্ত অভিজ্ঞ এবং দীর্ঘদিনের সেবক। তাদের সরাতে হলে সফর শেষ হওয়ার জন্য অপেক্ষা করা যেত, কিন্তু মাঝপথে এমন পরিবর্তন কোনোভাবেই পেশাদার সিদ্ধান্ত হতে পারে না। তিনি মনে করেন, সঠিক পরিবেশ এবং স্থিতিশীলতা নিশ্চিত করা গেলে অনেক সাবেক পাকিস্তানি ক্রিকেটারই জাতীয় দলের কোচিংয়ে আসতে আগ্রহী হবেন।

পাকিস্তান ক্রিকেটের চলমান সংকট নিরসনে পিসিবিকে একটি পরামর্শক কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন মুশতাক। তার মতে, এই কমিটিতে সাবেক ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করা প্রয়োজন। পেশাদার এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য যোগ্য বিশেষজ্ঞদের হাতে দায়িত্ব অর্পণ করাই এখন পাকিস্তান ক্রিকেটের জন্য সবচেয়ে জরুরি পদক্ষেপ হওয়া উচিত বলে তিনি মনে করেন।