গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৭ সেপ্টেম্বর) গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সাজ্জাদ সাহাপাড়া ইউনিয়নের মৃত আব্দুর রহিমের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ২২ এপ্রিল সদর উপজেলার তুলসীঘাট বাফার গুদামে সার লোড-আনলোডের প্রতিনিধি নুর মোহাম্মদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন সাজ্জাদুর রহমানসহ কয়েকজন। অভিযোগ রয়েছে, এ সময় তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করেন। এই ঘটনায় নুর মোহাম্মদ বাদী হয়ে সাজ্জাদুর রহমানসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে গাইবান্ধা সদর থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।
ঘটনার পর সাজ্জাদুর রহমান উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। তবে জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সোমবার তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার আবেদন নাকচ করে দেন। গাইবান্ধা সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু জানান, সাজ্জাদ উচ্চ আদালতের জামিনে ছিলেন এবং মেয়াদ শেষ হওয়ায় আজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর আমলি আদালতের কোর্ট জিআরও গোবিন্দ চন্দ্র দাস জানান, চাঁদাবাজির মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছিলেন সাজ্জাদুর রহমান সাজ্জাদ। শুনানি শেষে বিজ্ঞ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

