নারী এশিয়া কাপ ২০২৬-এর গুরুত্বপূর্ণ ম্যাচে হংকং, চীনকে ৭২ রানে হারিয়ে সেমিফাইনালের জায়গা নিশ্চিত করেছে পাকিস্তান। এই জয়ে বল হাতে মূল ভূমিকা পালন করেছেন বাঁহাতি স্পিনার নাশরা সান্ধু। তিনি মাত্র ৭ রান খরচ করে ৬টি উইকেট শিকার করেছেন, যা পাকিস্তানের কোনো নারী বোলারের টি-টোয়েন্টি ইতিহাসে সেরা বোলিং ফিগার। এই টুর্নামেন্টে এটি দ্বিতীয়বারের মতো কোনো বোলারের ৬ উইকেট নেওয়ার ঘটনা, এর আগে গত সপ্তাহে ইন্দোনেশিয়ার বিপক্ষে চামারি আথাপাত্তু ৭ রানে ৭ উইকেট নিয়েছিলেন।
ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে। দলের হয়ে ওপেনার শাওয়াল জুলফিকার ৩৫ বলে সর্বোচ্চ ৪৭ রান করেন এবং আয়েশা জাফর করেন ২৬ রান। হংকংয়ের জয়লিন কাউর ৪ ওভারে ১৯ রান দিয়ে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে চাপে ফেলেছিলেন। এক পর্যায়ে ৯২/২ থেকে পাকিস্তান ১০১/৬ স্কোরে নেমে গেলেও শেষ পর্যন্ত লড়াই করার মতো একটি পুঁজি পায় তারা।
১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হংকং, চীন শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়ে। পাওয়ারপ্লের পরপরই আক্রমণে এসে নাশরা সান্ধু প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন। এর আগে সাদিয়া ইকবাল প্রথম বলেই নাতাশা মাইলসকে আউট করেন। নাশরা সান্ধু তার স্পেলে ইয়াসমিন দাসওয়ানি ও ক্যারি চ্যান জুটির প্রতিরোধ ভাঙার পর মেরিনা ল্যাম্পলাফ ও মরিয়ম বিবিকে দ্রুত সাজঘরে ফেরান। ৪০ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে হংকং।
নিজের স্পেলের শেষ বলে ষষ্ঠ উইকেটটি তুলে নেওয়ার আগে নাশরা হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন। হংকংয়ের হয়ে ক্যারি চ্যান সর্বোচ্চ ৩০ রান করেন, যাকে ১৬তম ওভারে আয়েশা জাফর বোল্ড করেন। শেষ পর্যন্ত ১৯ ওভারে ৭১ রানে অলআউট হয় হংকং। নিদা দার (২০১৮) ও ওমাইমা সোহাইলের (২০২২) পর তৃতীয় পাকিস্তানি বোলার হিসেবে টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন নাশরা। আগামী ১১ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান।

